মাওলানা মুহাম্মদ ইসমাইল, কলমের জগতে যিনি ইসমাইল রেহান নামে পরিচিত, ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি করাচিতে জন্মগ্রহণ করেন। দেশভাগের সময় তাঁর পূর্বপুরুষেরা পশ্চিমবঙ্গ থেকে হিজরত করে পাকিস্তানে বসতি স্থাপন করেন।
শৈশবে মায়ের কাছেই তাঁর দ্বীনি শিক্ষার হাতেখড়ি। পাশাপাশি স্থানীয় স্কুলে পড়াশোনা চালিয়ে ১৯৮৬ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর দারুল উলুম করাচীতে ভর্তি হয়ে জামেয়া মা’হাদুল খলীল আল ইসলামিয়া থেকে ১৯৯৫ সালে তাকমীল (মাস্টার্স সমমান) সমাপ্ত করেন। এই সময়ে তিনি আল্লামা আবদুর রশীদ নু’মানীর সান্নিধ্য লাভ করেন, যা তাঁর জ্ঞানচর্চা ও চিন্তাজগতকে সমৃদ্ধ করে।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাতেও তিনি সমান আগ্রহী ছিলেন। করাচি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ. (সম্মান) এবং ২০১০ সালে উর্দু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। লেখালেখির ক্ষেত্রেও তিনি সুপরিচিত; ‘যরবে মুমিন’ ও ‘রোজনামা ইসলাম’ পত্রিকায় নিয়মিত কলাম লিখে পাঠকমহলে খ্যাতি অর্জন করেন। এছাড়া সম্পাদনার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। তিনি মাসিক ‘সুলূক ও ইহসান’, শিশুদের পত্রিকা ‘বাচ্চোঁ কা ইসলাম’ এবং নারীদের পত্রিকা ‘খাওয়াতিন কা ইসলাম’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
Showing all 6 results





