Description
আকিদাহ তহাবিয়াহ বই সম্পর্কে আলোকপাত:
শাইখ আহমাদ মুসা জিবরীলের দারস থেকে অনূদিত একটি গোছানো ও সহজবোধ্য বই, যা ইমাম ত্বহাবি রাহিমাহুল্লাহর বিখ্যাত আল-আক্বিদাতুত তহাবিয়্যাহ-র ব্যাখ্যা। শুরুতেই লেখক জানিয়েছেন, কেন এই বইটি বেছে নেওয়া হলো, জ্ঞানের প্রকারভেদ কী, আক্বিদাহ অধ্যয়নের পদ্ধতি কেমন হওয়া উচিত, এবং এ বইয়ের লেখক ও মূল গ্রন্থের পরিচয়।
এরপর শুরু হয় মূল আলোচনা: আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই; কোনো কিছুই তাঁর মতো নয়; তাওহিদের তিন প্রকার; শিরকের বিধান, ভয়াবহতা ও সংঘটনগত প্রকারভেদ। আছে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং নাম ও গুণাবলির ক্ষেত্রে শিরকের আলোচনা, জাদুর বাস্তবতা ও এর পদ্ধতি নিয়ে সতর্কবার্তা। এরপর আল্লাহর অনাদি-অনন্ত সত্তা, তাঁর ইচ্ছা ছাড়া কিছুই না ঘটা, তাকদির নিয়ে কাদারিয়্যা, জাবরিয়্যা ও মুতাযিলাদের ভ্রান্তি, আল্লাহর ইচ্ছা ও মানুষের ইচ্ছার স্বাধীনতার ভারসাম্য, হিদায়াত ও পথভ্রষ্টতা, সৃষ্টির আগে থেকেই আল্লাহর গুণাবলির বিদ্যমানতা, তাঁর সর্বশক্তিমত্তা ও সবকিছুর পরিমাণ নির্ধারণ।
বইয়ের শেষ প্রান্তে এসে ব্যাখ্যা গিয়ে পৌঁছেছে নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তাঁর মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা ও প্রিয় রাসুল হিসেবে তাঁর অবস্থানে। কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ, বাস্তব ঘটনা ও উম্মাহর বর্তমান পরিস্থিতির আলোকে বোঝানো হয়েছে বলে পড়তে গিয়ে মনে হবে, কোনো দরদি উস্তাদ সামনে বসে ধাপে ধাপে আক্বিদাহর ভিত গড়ে দিচ্ছেন






