Description
রমাদান : জিজ্ঞাসা ও জবাব বই সম্পর্কে আলোকপাত:
শাইখ আহমাদ মুসা জিবরীলের রমাদানবিষয়ক আলোচনা ও লেকচার থেকে সংকলিত একটি সহজ, প্রশ্নোত্তরভিত্তিক বই, যেখানে সাওম-সংক্রান্ত অনেক জরুরি প্রশ্নের উত্তর এক জায়গায় পাওয়া যাবে। বইয়ের শুরুতেই রমাদানের মর্যাদা ও ফজিলত তুলে ধরা হয়েছে, যেমন আল্লাহর ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি, দুআ কবুলের সুযোগ, হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর এবং সাওম পালনকারীর জন্য আল্লাহর বিশেষ প্রতিদান।
এরপর আছে রমাদানে করণীয় আমল আর আমাদের সমাজে প্রচলিত ভুলগুলোর আলোচনা, যেমন নিয়তের ভুল ধারণা, সাহরি ও ইফতারের সময় নিয়ে বাড়াবাড়ি, ভুলে পানাহার করলে সাওম ভাঙে কি না, মিসওয়াক, টুথপেস্ট ও মেহেদি ব্যবহার নিয়ে সংশয়। পরের অধ্যায়গুলোতে প্রশ্নোত্তরের ভঙ্গিতে ধরা হয়েছে তারাবির রাকআত-সংখ্যা ও সংশ্লিষ্ট হাদিসের ব্যাখ্যা, যাকাতুল ফিতরের বিধান ও হিকমত, ইতিকাফের নিয়ম ও সময়সীমা।
রমাদানে নারীদের জন্য আছে একটি দরদভরা অধ্যায়, যেখানে মাসিকের কারণে সাওম-সালাত থেকে বিরত থাকা বোনেরাও কীভাবে ইনশাআল্লাহ পূর্ণ সওয়াবের আশা করতে পারেন, তা সুন্দরভাবে বোঝানো হয়েছে। এরপর ঈদের করণীয়-বর্জনীয় নিয়ে আলোচনা, আর বিশেষ সংযুক্তি হিসেবে যুক্ত হয়েছে যিলহজ্জের প্রথম দশদিনের তাৎপর্য ও গুরুত্ব।
কুরআন, সহিহ হাদিস ও আলিমদের মতামতে সাজানো এবং প্রয়োজনীয় টীকাসহ নিরীক্ষিত এই বইটি একজন সাধারণ পাঠকের মনের প্রশ্নগুলোর উত্তর যেমন দেবে, তেমনি রমাদানকে আরও সচেতন ও অর্থবহভাবে কাটানোর প্রেরণাও জোগাবে






